মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানকে দ্রুত শান্তি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানিয়েছে কাতার। দেশটির প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি জোর দিয়ে বলেছেন, পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করার আগেই উভয় পক্ষকে আলোচনার টেবিলে বসে একটি স্থায়ী সমঝোতায় পৌঁছাতে হবে।
গত শনিবার (৭ নভেম্বর) যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে এক সাক্ষাৎকারে কাতারের প্রধানমন্ত্রী এই কূটনৈতিক আহ্বান জানান। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে, রক্তক্ষয়ী সংঘাত অবসানের জন্য সঠিক সময়ের অপেক্ষায় বসে থাকার আর কোনো সুযোগ নেই। অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়াই এখন সময়ের দাবি।
এদিকে, চলমান আলোচনা ও শান্তি প্রচেষ্টার অগ্রগতি নিয়ে দোহা সব পক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে বলে জানিয়েছেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি শান্তি প্রক্রিয়া নিয়ে ছড়ানো বিভিন্ন অপপ্রচারের তীব্র সমালোচনা করেন। তার মতে, যারা এই সংঘাতকে দীর্ঘায়িত করতে চায়, তারাই মূলত বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর নেপথ্যে কাজ করছে।
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার সত্যতা নিশ্চিত করেছেন। কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথোপকথনের পর তিনি জানান, যুদ্ধ বন্ধের লক্ষ্য নিয়ে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে সরাসরি আলোচনা শুরু হয়েছে। যদিও এ চুক্তির সুনির্দিষ্ট শর্তাবলী বা সময়সীমা সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে কাতারের এই তৎপরতাকে সংকটের কূটনৈতিক সমাধানের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে আন্তর্জাতিক সম্প্রদায়।
রিপোর্টার নাম: 






















