চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চলমান সর্বাত্মক শাটডাউন ও কর্মবিরতির মধ্যেই প্রশাসনিক ভবনের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেছেন নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। সোমবার সকাল পৌনে ৯টার দিকে তিনি প্রশাসনিক ভবন-২ এর তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করেন। ভেতরে প্রবেশের পর তাকে একটি চেয়ারে বসানো হয় এবং এসময় উপস্থিত কয়েকজনকে তার সঙ্গে মুঠোফোনে ছবি তুলতে দেখা গেছে। এ ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
বিশ্ববিদ্যালয়ে সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে টানা ২০ দিন ধরে আন্দোলন চলছে। শিক্ষার্থীদের এই শাটডাউন কর্মসূচির পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের চলমান কর্মবিরতিতে প্রতিষ্ঠানের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম সম্পূর্ণ অচল হয়ে পড়েছে। গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অপসারণ করে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। মাত্র ৫৬ দিনের মাথায় এই পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীরা ওই রাতেই প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন।
পরদিন ২২ সেপ্টেম্বর থেকে ক্যাম্পাসে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি শুরু হয়। এরপর ২৪ সেপ্টেম্বর নতুন উপাচার্য অনলাইনে যোগ দিলেও আন্দোলনের মুখে এতদিন তিনি সশরীরে ক্যাম্পাসে আসতে পারেননি। পরিস্থিতি নিয়ন্ত্রণে গত ১০ অক্টোবর অধ্যাপক ড. মো. আরাফাত রহমানকে উপাচার্যের রুটিন দায়িত্ব প্রদান করা হয়। এদিকে রোববারও উপাচার্য ভবনের সামনে শিক্ষক ও শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। একই দিনে প্রশাসনিক ভবন-২ এর সামনে বিক্ষোভ সমাবেশ শেষে স্টাফ অ্যাসোসিয়েশন আন্দোলন আরও কঠোর করার ঘোষণা দিয়েছে। আন্দোলনকারীদের মূল দাবি একটাই—অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনরায় উপাচার্য হিসেবে ফিরিয়ে আনতে হবে।
রিপোর্টার নাম: 
























