পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদনের বিষয়টি নিয়ে নিজের অজানার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিভিন্ন সংবাদমাধ্যমে বিষয়টি শুনলেও এর সত্যতা তিনি এখনো যাচাই করতে পারেননি। তবে দণ্ডিত আসামিকে ফিরিয়ে আনার বিষয়ে সরকার সবসময়ই সচেষ্ট রয়েছে। সোমবার (৯ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, কোনো দণ্ডিত আসামি বিদেশে আশ্রয় নিলে প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলে। বর্তমান পরিস্থিতির আলোকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট দেশের কাছে আইন অনুযায়ী প্রত্যর্পণের জন্য পত্র পাঠানো হয়েছে। এর মাধ্যমেই পলাতক ব্যক্তিদের ফিরিয়ে আনার আইনি পথ অনুসরণ করা হচ্ছে। বন্দি বিনিমিয় চুক্তির মাধ্যমে তার প্রত্যার্পণ চায় বাংলাদেশ।
এদিকে, ভারত থেকে বাংলাদেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে শেখ হাসিনা তার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, সোমবার নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে তার আইনজীবীরা এই আবেদনের চিঠি পৌঁছে দেন। লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে এই চিঠিটি হস্তান্তর করেছেন বলে জানা গেছে।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা এবং বর্তমানে তিনি ভারতে আশ্রয় নিয়ে আছেন। ক্ষমতাচ্যুতির পর এই প্রথম তিনি বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে নিজের নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করলেন। এর আগে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার পক্ষ থেকে এমন কোনো পদক্ষেপ গ্রহণের তথ্য পাওয়া যায়নি।
রিপোর্টার নাম: 
























