পড়ালেখার পাশাপাশি সমাজ, পরিবেশ ও দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে নিয়মিত খেলাধুলা, শিল্প-সংস্কৃতিচর্চা এবং দেশ ও জাতির গৌরবময় ইতিহাস সম্পর্কে সম্যক জ্ঞান অর্জনের তাগিদ দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘‘পড়ালেখা করে তোমরা একদিন বড় হবে এবং বিভিন্ন পেশায় যোগ দেবে। তোমার দেশের ইতিহাস, আরও অন্য যে বিষয়গুলো আছে, সেগুলো সম্পর্কে জানতে হবে।’’।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে আসেন ঢাকার নবাবগঞ্জের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত ৫০ জন শিক্ষার্থী। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো কলাকোপা উচ্চ বিদ্যালয়, বান্দুরা হলিক্রশ হাই স্কুল অ্যান্ড কলেজ এবং সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা জীবনের পরবর্তী পর্যায়ে তারা চিকিৎসক, প্রকৌশলী, বিজ্ঞানী কিংবা শিক্ষকসহ নানা পেশায় নিজেদের প্রতিষ্ঠিত করবে। তবে যে পেশায়ই তারা কাজ করুক না কেন, নিজের ব্যক্তিগত উন্নয়নের পাশাপাশি সমাজ ও দেশের প্রতি দায়বদ্ধতা কখনোই ভুলে যাওয়া যাবে না। একজন বিবেকবান মানুষ হিসেবে নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ ও সমাজের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখার মানসিকতা গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘‘প্রত্যেক মানুষের নিজের প্রতি যেমন দায়িত্ব রয়েছে, তেমনি তার চারপাশের মানুষ, সমাজ ও পরিবেশের প্রতিও দায়িত্ব রয়েছে।
শুধুমাত্র মুখস্থনির্ভর পড়াশোনা বা ভালো ফলাফল অর্জনকেই শিক্ষার চূড়ান্ত লক্ষ্য মনে করা উচিত নয় বলে মত দেন সরকারপ্রধান। তিনি বলেন, এর বাইরেও জীবন ও জগত সম্পর্কে জানার অনেক কিছু আছে। খেলাধুলা ও সৃজনশীল সাংস্কৃতিক কর্মকাণ্ডের চর্চা একজন শিক্ষার্থীর জ্ঞান ও জীবনকে আরও সমৃদ্ধ ও পরিপূর্ণ করে তোলে। এসব বিষয়ে দক্ষতা অর্জন করলে তারা ভবিষ্যতে নিজেদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সক্ষম হবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
রিপোর্টার নাম: 























