বিদেশে চিকিৎসা ও পড়াশোনার জন্য বৈদেশিক মুদ্রা পাঠানোর প্রক্রিয়া সহজতর করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (৯ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট-২ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে, যেখানে গ্রাহকদের সুবিধার্থে আগের কড়াকড়ি নিয়ম শিথিল করা হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, বিদেশে চিকিৎসার জন্য অনুমোদিত ডিলার ব্যাংকগুলো এখন বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি ছাড়াই একজন গ্রাহককে সর্বোচ্চ ৩০ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা প্রদান করতে পারবে। আগে এই সীমা ছিল ১৫ হাজার ডলার। অর্থাৎ, চিকিৎসার খরচ মেটাতে এখন থেকে আগের চেয়ে দ্বিগুণ পরিমাণ ডলার ছাড়ের সুযোগ পাচ্ছেন গ্রাহকরা।
শিক্ষা খাতের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনার খরচ পাঠানোর ক্ষেত্রে এখন থেকে আর বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের প্রয়োজন হবে না। তবে ব্যাংকগুলোকে এই খরচ পাঠানোর আগে নিশ্চিত করতে হবে যে, সংশ্লিষ্ট দেশে অবৈতনিক শিক্ষার কোনো সুযোগ নেই। এছাড়া পেশাদার ও সার্টিফিকেশন কোর্সের পাশাপাশি দূরশিক্ষণ বা করেসপন্ডেন্স কোর্সের নিয়মিত একাডেমিক পড়াশোনার ব্যয়ও এখন ব্যাংকগুলোর মাধ্যমেই সরাসরি পাঠানো যাবে।
অন্যদিকে, বিদেশ থেকে দেশে ফেরার সময় আবাসিক বাংলাদেশিরা তাদের সঙ্গে আনা বৈদেশিক মুদ্রা কাস্টমস কর্তৃপক্ষের ফরম এফএমজেতে (Form FMJ) ঘোষণা সাপেক্ষে রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (আরএফসিডি) হিসাবে জমা রাখতে পারবেন। ব্যক্তিগত ভ্রমণ, চিকিৎসা, শিক্ষা ও অন্যান্য অনুমোদিত খাতের অব্যবহৃত বৈদেশিক মুদ্রার ক্ষেত্রেও একই সুবিধা প্রযোজ্য হবে।
কেন্দ্রীয় ব্যাংক স্পষ্ট করেছে যে, বৈদেশিক মুদ্রা লেনদেনের ক্ষেত্রে পূর্বের বিদ্যমান অন্যান্য বিধিবিধান ও নির্দেশনা বহাল থাকবে। এই পদক্ষেপের ফলে বিদেশগামী শিক্ষার্থী ও রোগীদের ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।
রিপোর্টার নাম: 

























