চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় কক্সবাজারগামী একটি পর্যটকবাহী বাস দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। শনিবার ভোর সাড়ে চারটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আধাঁর মার দরগা এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় অন্তত ৩০ থেকে ৩২ জন যাত্রী আহত হয়েছেন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতরা হলেন সাখাওয়াত হোসেন ইসরাফিল (৫৪) এবং সোহানা আফরোজ। সাখাওয়াত হোসেন স্থানীয় শিক্ষিকা নাদিরা আফরোজের স্বামী ছিলেন। এই নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবির হোসেন। যাত্রাপথে সাতকানিয়ার আধাঁর মার দরগা এলাকায় পৌঁছালে দ্রুতগতির বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩০ থেকে ৩২ জন হতে পারে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসার শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের একটি দল আনন্দ ভ্রমণে কক্সবাজার যাচ্ছিলেন।
যাত্রাপথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে হতাহতের এ ঘটনা ঘটে। খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশের এসআই রুহুল আমিনের নেতৃত্বে একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। দোহাজারী হাইওয়ে থানার ওসি নুরুল আফসার জানান, হাইওয়ে পুলিশের সহযোগিতায় আহতদের দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে।
এদিকে দুর্ঘটনার পর স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার তানভির হোসেন জানিয়েছেন, ওই মাদরাসার পক্ষ থেকে শিক্ষা সফরের জন্য প্রশাসনের কাছে কোনো অনুমতির আবেদন করা হয়নি, এমনকি বিষয়টি মৌখিকভাবেও জানানো হয়নি। তিনি এ বিষয়ে প্রতিষ্ঠানের অধ্যক্ষের সাথে কথা বলেছেন বলে নিশ্চিত করেছেন। বর্তমানে আহত যাত্রীদের চিকিৎসা কার্যক্রম চলমান রয়েছে এবং পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে।
রিপোর্টার নাম: 























