বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নাম ব্যবহার করে দুর্গাপূজা নিয়ে ফেসবুকে একটি ভুয়া ও বানোয়াট ফটোকার্ড ছড়ানো হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি। মঙ্গলবার এক বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই জালিয়াতির বিষয়টি নিশ্চিত করেছেন।
বিবৃতিতে অ্যাডভোকেট জুবায়ের জানান, ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বর্তমানে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এমন পরিস্থিতিতে ‘জোবায়দা রহমান’ নামের একটি ফেসবুক আইডি থেকে ‘দুর্গাপূজা শুধু হিন্দুদের নয়, এটি আমাদেরও: জামায়াত নেতা তাহের’ শিরোনামে একটি কাল্পনিক ফটোকার্ড ছড়িয়ে দেওয়া হয়েছে। তিনি এই প্রচারণাকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন হিসেবে উল্লেখ করে দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্মানিত ব্যক্তিদের জড়িয়ে এভাবে বানোয়াট তথ্য ছড়ানো এবং সম্মানহানির চেষ্টা থেকে সংশ্লিষ্টদের বিরত থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে, এ ধরনের অপপ্রচার ও ঘৃণ্য কর্মকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানান জামায়াতের এই নেতা।
রিপোর্টার নাম: 























