ঢাকা মহানগরীর তীব্র যানজট নিরসনের লক্ষ্যে প্রস্তাবিত অভ্যন্তরীণ বৃত্তাকার সড়ক বা ইনার সার্কুলার রিং রোড নির্মাণের অগ্রগতি নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ অক্টোবর) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের মাধ্যমে নগরবাসীর দুর্ভোগ কমানোর ওপর জোর দেওয়া হয়।
প্রকল্পের কাজের গতি বাড়ানোর নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগকে সমন্বিতভাবে বিদ্যমান পরিকল্পনা পর্যালোচনার নির্দেশনা দিয়েছেন। কাজের পথে থাকা সব ধরনের বাধা চিহ্নিত করে তা দ্রুত নিরসন এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করতে তিনি গুরুত্বারোপ করেন। এছাড়া নির্ধারিত সময়ে মানসম্মতভাবে কাজ শেষ করতে একটি বাস্তবসম্মত সময়সীমা নির্ধারণের জন্য নির্দেশনা দেন তিনি।
বৈঠকে উপস্থিত ছিলেন সড়ক পরিবহণ, সেতু, রেলপথ ও নৌপরিবহণমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং সড়ক পরিবহণ ও সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম ও উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর এই নির্দেশনার ফলে এখন প্রকল্পটির গতি পাওয়ার প্রত্যাশা তৈরি হয়েছে।
রিপোর্টার নাম: 
























