বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারপ্রধান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতকালে রাষ্ট্রদূত জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রীর সফল অংশগ্রহণ এবং নিউইয়র্কে তার নানাবিধ কর্মসূচি সম্পন্ন হওয়ায় অভিনন্দন জানান। সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান বাণিজ্য, বিনিয়োগ বৃদ্ধি এবং উন্নয়নমূলক সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া রোহিঙ্গা সংকট মোকাবিলাসহ দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তিনি আলোকপাত করেন। জবাবে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের উন্নয়ন যাত্রায় চীনের সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং ভবিষ্যতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার আশাবাদ জানান। দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও দৃঢ় হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
বৈঠকটিতে অন্যদের মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, ইনভেস্টমেন্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং চীনা ডেপুটি চিফ অব মিশন লিউ ইউইন উপস্থিত ছিলেন।
রিপোর্টার নাম: 























