জাপানের শ্রমবাজারের বিপুল সম্ভাবনা কাজে লাগাতে বাংলাদেশের তরুণদের জাপানি ভাষায় দক্ষতা অর্জনের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবনে আয়োজিত ‘জাপান-বাংলাদেশ যৌথ পার্টনার সেমিনার’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দক্ষ জনশক্তি রপ্তানির পথ সুগম করতে এই সেমিনারের আয়োজন করা হয়।
ড. আব্দুল মঈন খান জানান, কেবল প্রাতিষ্ঠানিক সম্পর্কের চেয়েও বাংলাদেশ ও জাপানের মধ্যে দীর্ঘস্থায়ী গভীর বন্ধুত্বের সম্পর্ক বিদ্যমান। এই আন্তরিকতাকে পুঁজি করে দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় বন্ধন আরও কার্যকর ও সুদৃঢ় করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন, জাপানের বাজারে বাংলাদেশি কর্মীদের জন্য প্রচুর কর্মসংস্থানের সুযোগ রয়েছে, তবে সেই সুযোগের সদ্ব্যবহার করতে ভাষার বাধা অতিক্রম করা অপরিহার্য।
সেমিনারে বাংলাদেশ ও জাপানের শাসনব্যবস্থা এবং গণতান্ত্রিক কাঠামোর তুলনামূলক চিত্র তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট এবং গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে দুই দেশের মধ্যে কাঠামোগত ভিন্নতা রয়েছে, যা আমাদের বিবেচনায় রাখতে হবে। এছাড়া জাপানি ভাষা শিক্ষা কার্যক্রমের পরিধি বাড়ানোর পাশাপাশি দেশের প্রশিক্ষণ ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার তাগিদ দেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বক্তারা জাপানের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের অগ্রাধিকার নিশ্চিত করা এবং ভাষা শিক্ষার সুযোগ সম্প্রসারণের কৌশলগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন। দক্ষ কর্মীবাহিনী গড়ে তোলার মাধ্যমে দুই দেশের পার্টনারশিপ আরো শক্তিশালী করার বিষয়ে সেমিনারে ঐকমত্য পোষণ করা হয়।
রিপোর্টার নাম: 

























