জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থান করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত স্বাগত প্রাতরাশে (ওয়েলকাম ব্রেকফাস্ট) অংশ নেন তিনি। সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। স্থানীয় সময় সকাল ৮টায় জাতিসংঘ সদরদপ্তরের নর্থ ডেলিগেটস লাউঞ্জে বিশ্বনেতাদের সম্মানে এই প্রাতরাশ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে বিশ্বনেতারা তাদের জীবনসঙ্গীদের নিয়ে মঞ্চে ওঠেন এবং জাতিসংঘ মহাসচিব ও তার স্ত্রীর সঙ্গে ফটোসেশনে অংশ নেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানও এ সময় আন্তোনিও গুতেরেস ও তার স্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করেন।
এই প্রাতরাশ আয়োজনের মধ্য দিয়েই প্রধানমন্ত্রীর নিউইয়র্কের আনুষ্ঠানিক ও ব্যস্ত সফর সূচির সূচনা হলো। প্রাতরাশ শেষে সকাল ৯টায় প্রধানমন্ত্রী জাতিসংঘ সদরদপ্তরের সাধারণ পরিষদ হলে আয়োজিত ৮১তম অধিবেশনের উদ্বোধনী পর্বে যোগ দেন। এ সময় বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা উপস্থিত ছিলেন। সূচি অনুযায়ী, আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এটি সরকারপ্রধান হিসেবে তার প্রথম ভাষণ এবং প্রথা মেনে তিনি বাংলায় বক্তব্য দেবেন। নিউইয়র্কে অবস্থানকালে প্রধানমন্ত্রী জাতিসংঘ অধিবেশনের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্তাব্যক্তিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।
রিপোর্টার নাম: 























