বিদায়ী আগস্ট মাসে সারাদেশে সড়ক দুর্ঘটনার ভয়াবহ চিত্র উঠে এসেছে রোড সেফটি ফাউন্ডেশনের এক প্রতিবেদনে। সংস্থাটির তথ্য অনুযায়ী, আগস্ট মাসে মোট ৫১৩টি সড়ক দুর্ঘটনায় ৪৮১ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ৬৬৪ জন। এই হিসাবে আগস্ট মাসে প্রতিদিন গড়ে ১৫ দশমিক ৫১ জন সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। সোমবার প্রকাশিত এই প্রতিবেদনটি ৯টি জাতীয় দৈনিক, ১৭টি অনলাইন নিউজ পোর্টাল, ইলেকট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে।
পরিসংখ্যান বলছে, জুলাই মাসে প্রতিদিন গড়ে ১৩ দশমিক ৪১ জন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিলেন। সেই তুলনায় আগস্টে দৈনিক প্রাণহানির হার ১৫ দশমিক ৬৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সড়ক দুর্ঘটনার পাশাপাশি আগস্ট মাসে সাতটি নৌ-দুর্ঘটনায় ছয়জন নিহত ও নয়জন আহত হয়েছেন। এছাড়া ৩৪টি রেলপথ দুর্ঘটনায় ২৭ জন নিহত এবং ২৩ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।
সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৬১ জন নারী ও ৫৮ জন শিশু রয়েছে। মোট দুর্ঘটনার মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনার হার ছিল ৩৫ দশমিক ৬৭ শতাংশ। ১৮৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৭৬ জন নিহত হয়েছেন, যা মোট নিহতের ৩৬ দশমিক ৫৯ শতাংশ। বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। এখানে ১৭২টি দুর্ঘটনায় ১৪৪ জন নিহত হয়েছেন। অন্যদিকে, সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে বরিশাল বিভাগে, যেখানে ১৫টি দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যু হয়েছে। একক জেলা হিসেবে বগুড়ায় সবচেয়ে বেশি ৩৭ জন নিহত হয়েছেন। এছাড়া রাজধানী ঢাকায় ৪৮টি দুর্ঘটনায় ২৩ জন নিহত ও ৫৪ জন আহত হয়েছেন।
অতিরিক্ত গতি ও অসচেতনতাকে দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছে রোড সেফটি ফাউন্ডেশন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ন্যাশনাল রোড সেফটি কাউন্সিল (এনআরএসসি) পুনর্গঠন, প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা জোরদার এবং সার্ভিস রোড নির্মাণসহ ১২ দফা সুপারিশ পেশ করেছে সংগঠনটি।
রিপোর্টার নাম: 





















