মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাং এলাকায় ইমিগ্রেশন বিভাগ এক বিশেষ অভিযান চালিয়ে ৭৭০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ‘অপ্স বেলাঞ্জা’ নামের এই অভিযানটি পরিচালনা করা হয়, যেখানে এলাকাটি বিদেশি নাগরিকদের অবৈধ কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়ার তথ্য পাওয়া গিয়েছিল। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া এই অভিযানে ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বিভাগের ১০৬ জন কর্মকর্তা অংশ নেন।
অভিযান চলাকালে মোট ২,৪৪৫ জনকে তল্লাশি করা হয়, যার মধ্যে ১,৬০০ জন বিদেশি এবং ৮৪৫ জন স্থানীয় নাগরিক ছিলেন। ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বিভাগের পরিচালক বাসরি ওথমান জানান, আটকদের মধ্যে ৩৭৭ জন বাংলাদেশি, ২৩৫ জন মায়ানমারের নাগরিক, ৫৮ জন ভারতীয়, ৭২ জন নেপালি এবং ১৯ জন ইন্দোনেশীয় (১৭ জন পুরুষ ও ২ জন নারী) রয়েছেন। এছাড়া আরও ৯ জন (৩ জন পুরুষ ও ৬ জন নারী) বিভিন্ন দেশের নাগরিককে আটক করা হয়েছে।
বাসরি ওথমান আরও জানান, অভিযানের সময় অনেক অভিবাসী ধরা পড়ার ভয়ে দোকানের ভেতরে লুকানোর চেষ্টা করেন, এমনকি কেউ কেউ ভবনের ছাদে উঠে পালানোর চেষ্টা করেছিলেন। তবে পুরো এলাকাটি আগে থেকেই ঘিরে রাখায় তারা শেষ পর্যন্ত ধরা পড়েন। এছাড়া অভিযানে একটি অবৈধ অনলাইন জুয়া কেন্দ্রও শনাক্ত করা হয়েছে, যেখানে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হতো। সেখান থেকে আটজন বিদেশিকে জুয়া খেলারত অবস্থায় আটক করা হয়।
আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুত্রাজায়া ইমিগ্রেশন অফিসে নেওয়া হয়েছে এবং পরবর্তীতে তাদের ডিটেনশন ডিপোতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে মালয়েশিয়ার ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩-এর ধারা ৬(৩), ১৫(৪) এবং প্রবিধান ৩৯(বি) অনুযায়ী তদন্ত চলছে। ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদেশি কর্মীদের কোটা এবং বৈধতা নিশ্চিত করতে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত পরিদর্শন ও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জাতীয়তার ভিত্তিতে, বাংলাদেশি ৩৭৭, মায়ানমার ২৩৫, ভারত ৫৮, নেপাল ৭২, ইন্দোনেশিয়া: ১৯ (১৭ জন পুরুষ, ২ জন মহিলা) অন্যান্য ৯ জন (৩ জন পুরুষ, ৬ জন মহিলা)।
অভিযোগ ছিল, এ এলাকা বিদেশি নাগরিকদের অবৈধ কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্রবিন্দু।
রিপোর্টার নাম: 






















