ফেনী জেলায় ছাত্রদলের এক নেতা পারিবারিক অসচ্ছলতা এবং দলীয় অবমূল্যায়নের অভিযোগ তুলে নিজ পদ থেকে পদত্যাগ করেছেন। ইলিয়াছ নামের ওই নেতা গত বৃহস্পতিবার দলীয় প্যাডে নিজের স্বাক্ষরসহ পদত্যাগপত্র জমা দেন। এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনার জন্ম দেয়। জানা গেছে, ইলিয়াছ জেলার পরশুরাম ইসলামিয়া ফাজিল মাদ্রাসা শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।
জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে পাঠানো পদত্যাগপত্রে ইলিয়াছ উল্লেখ করেন, ২০১৯ সালে উপজেলা ছাত্রদলের হাত ধরে তিনি রাজনীতিতে সক্রিয় হন। সেই সময় থেকে দলের প্রতিটি কর্মসূচিতে রাজপথে সরব ছিলেন তিনি। তবে বর্তমান সময়ে এসে তিনি চরম অবহেলার শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন। রাজনৈতিক অবমূল্যায়নের পাশাপাশি পারিবারিক চরম অর্থনৈতিক সংকট তাকে বিপর্যস্ত করে তুলেছে।
পদত্যাগপত্রে তিনি আরও জানান, পরিবারের হাল ধরা এবং জীবিকার তাগিদে তাকে এখন বেশি সময় দিতে হচ্ছে। এই পরিস্থিতিতে সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদে থেকে সংগঠনের কাজে প্রয়োজনীয় সময় ও মনোযোগ দেওয়া তার পক্ষে আর সম্ভব হচ্ছে না। সংগঠনের কার্যক্রম যেন কোনোভাবে ব্যাহত না হয়, সেই দায়বদ্ধতা থেকেই তিনি স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।
এ বিষয়ে পরশুরাম উপজেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুল হাসান বাবু বলেন, ইলিয়াস দলের একজন অত্যন্ত ত্যাগী কর্মী। কোনো মান-অভিমান থেকে তিনি হয়তো এই সিদ্ধান্ত নিয়েছেন। বিষয়টি জানাজানি হওয়ার পর জেলা ছাত্রদলের নেতারা তার সঙ্গে যোগাযোগ করেছেন। কামরুল হাসান বাবু নিজেও ইলিয়াসের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছেন এবং তাকে পুনরায় সংগঠনে সক্রিয় করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছেন বলে জানিয়েছেন।
রিপোর্টার নাম: 

























