নরওয়ের প্রত্যন্ত দ্বীপপুঞ্জ সেলবার্দ উপকূলে একটি মেরু ভাল্লুককে বিরক্ত করার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার নরওয়েজিয়ান ক্রোনার জরিমানা করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ লাখ টাকার সমপরিমাণ। চলতি মাসের শুরুর দিকে ঘটে যাওয়া এই ঘটনার বিষয়টি গত বৃহস্পতিবার বিবিসি এক প্রতিবেদনে নিশ্চিত করেছে। সেলবার্দ অঞ্চলটি উত্তর গোলার্ধ থেকে প্রায় ৬২০ মাইল দূরে অবস্থিত।
ঘটনার বিবরণে জানা যায়, ওই ব্যক্তি জাহাজ নিয়ে যাওয়ার সময় স্থলে একটি মেরু ভাল্লুককে ঘুমিয়ে থাকতে দেখেন। ভাল্লুকটিকে কাছ থেকে দেখার উদ্দেশ্যে তিনি জাহাজের উচ্চস্বরের ফগ হর্ন বাজিয়ে দেন। হর্নের তীব্র শব্দে ভাল্লুকটি আতঙ্কিত হয়ে জেগে ওঠে এবং দ্রুত সেখান থেকে সরে যায়। স্থানীয় কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলে তারা তাৎক্ষণিক আইনি পদক্ষেপ গ্রহণ করে।
সেলবার্দের গভর্নর লার্স ফওস এক বিবৃতিতে জানান, জাহাজে থাকা ব্যক্তিরা ঘুমন্ত ভাল্লুকটিকে দেখে হর্ন বাজান, যার ফলে প্রাণীটি জেগে উঠে অন্যত্র চলে যেতে বাধ্য হয়। সেলবার্দের পরিবেশ সুরক্ষা আইন অনুযায়ী, কোনো মেরু ভাল্লুককে অকারণে বিরক্ত বা উস্কানি দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। স্থানীয় কর্তৃপক্ষ ওই ব্যক্তির নাম বা জাতীয়তা প্রকাশ না করলেও, তিনি তার কৃতকর্মের জন্য জরিমানা দিতে সম্মত হয়েছেন। পর্যটক ও জাহাজ পরিচালনাকারীদের বন্যপ্রাণীর ক্ষতি না করে অত্যন্ত সতর্কতার সাথে চলাচলের নির্দেশনা দিয়েছে স্থানীয় প্রশাসন।
রিপোর্টার নাম: 























