দেশের পরিত্যক্ত ও অব্যবহৃত জলাশয়গুলো সংস্কারের মাধ্যমে তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৬ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, নদী, বিল, হাওড়-বাঁওড় ও পুকুরসমৃদ্ধ বাংলাদেশে মৎস্য চাষের মাধ্যমে বিপুল সংখ্যক মানুষের স্বাবলম্বী হওয়ার বিশাল সম্ভাবনা রয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের অনেক পুকুর ও জলাশয় দীর্ঘ সময় ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। এসব জলাশয় সংস্কার করে তরুণদের মধ্যে বরাদ্দ দেওয়ার মাধ্যমে তাদের উৎপাদনমুখী কর্মকাণ্ডে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। মৎস্য খাত দেশের মানুষের পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে তিনি মন্তব্য করেন। একই সঙ্গে দেশীয় মৎস্য উৎপাদন বৃদ্ধি, মৎস্য সংরক্ষণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং জীববৈচিত্র্য রক্ষায় যারা কাজ করছেন, তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে মৎস্য খাতের অগ্রগতির চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ বিশ্বের প্রায় ৫২টি দেশে প্রায় ৬ হাজার কোটি টাকা মূল্যের মাছ ও মৎস্যজাত পণ্য রপ্তানি করে উল্লেখযোগ্য বৈদেশিক মুদ্রা অর্জন করেছে। মৎস্য খাতের এই সম্ভাবনাকে আরও কাজে লাগিয়ে দেশের অর্থনীতিতে এর অবদান বাড়ানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী সরকারি কার্প হ্যাচারিতে পোনা মাছ অবমুক্ত করেন এবং মাছ ধরার কার্যক্রম পরিদর্শন করেন। এছাড়া সফল মৎস্য চাষি, উৎপাদনকারী ও রপ্তানিকারক প্রতিষ্ঠানের মোট ১৪ জনকে স্বর্ণ পদক ও ক্রেস্ট প্রদান করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী আচমিতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আচমিতা জর্জ ইনস্টিটিউশনের শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জালাল উদ্দিন এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেন।
রিপোর্টার নাম: 






















