হবিগঞ্জ পৌর এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পাল্টাপাল্টি রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের সংঘাত এড়াতে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় জেলা প্রশাসন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জি এম সরফরাজ স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়। ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৪৪ ধারায় অর্পিত ক্ষমতাবলে জারি করা উক্ত আদেশে বলা হয়েছে, শহরের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, জনশান্তি বজায় রাখা এবং নাগরিকদের জানমালের সুরক্ষায় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ জরুরি হয়ে পড়েছিল। আদেশের নির্দেশনা অনুযায়ী, পৌর সীমানার অভ্যন্তরে পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, জনসভা, মিছিল, স্লোগান, মাইকিং, পিকেটিং এবং শান্তি বিঘ্নিত হতে পারে এমন সব ধরনের কর্মকাণ্ড সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
ঘটনার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ শহরে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচি শেষে ফেরার পথে এনসিপির কেন্দ্রীয় নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে হামলা চালানো হয় এবং নেতাকর্মীদের ওপর আক্রমণ করা হয় বলে অভিযোগ ওঠে। এনসিপির তরফ থেকে এই হামলার জন্য বিএনপিকে দায়ী করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় শহরে এনসিপির পক্ষ থেকে প্রতিবাদ মিছিল বের করা হলে আবারও সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। পরবর্তীতে এই হামলার প্রতিবাদে আজ বুধবার হবিগঞ্জসহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় এনসিপি।
অন্যদিকে, একই দিনে ও একই সময়ে হবিগঞ্জ সদর উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং জেলা ছাত্রদলের পক্ষ থেকেও পাল্টা অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভার ঘোষণা দেওয়া হয়। একই স্থানে দুই পক্ষের আমো মুখোমুখি কর্মসূচি ঘোষণার পর থেকেই শহরে থমথমে পরিস্থিতি ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। বড় ধরনের সংঘর্ষ ও প্রাণহানির আশঙ্কায় জেলা প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করে ১৪৪ ধারা জারি করে।
এ বিষয়ে হবিগঞ্জের জেলা প্রশাসক জি এম সরফরাজ সংবাদমাধ্যমকে জানান, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখতেই এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে বলেও নিশ্চিত করা হয়েছে।
রিপোর্টার নাম: 
























