ভোলার লালমোহন উপজেলায় মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকারের দায়ে চার জেলেকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার রাতে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেক।
কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কচুয়াখালী এলাকার আলী আজগর (৪০), লোকমান হোসেন (৪০), মো. জাহাঙ্গীর (৪০) এবং মো. জাকির (৩৫)।
এর আগে সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত লালমোহনের তেঁতুলিয়া নদীতে মৎস্য বিভাগ ও কোস্ট গার্ডের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালিত হয়। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অভিযোগে ওই চার জেলেকে আটক করা হয়। অভিযানের সময় প্রায় পাঁচ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়, যা পরবর্তীতে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দ জানান, মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে মৎস্য বিভাগ সতর্ক অবস্থানে রয়েছে। ২২ দিনের এই নিষেধাজ্ঞা কার্যকর করতে নিয়মিত নদীতে অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি আরও সতর্ক করে বলেন, সরকারি আইন অমান্য করে কেউ যদি মাছ শিকারে নদীতে নামেন, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টার নাম: 
























