নারায়ণগঞ্জের ফতুল্লার শান্তিধারা এলাকায় জামিয়াতুল আশরাফিয়া মাদ্রাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ নভেম্বর) রাত ২টার দিকে এই ঘটনায় ছয় শিক্ষার্থী দগ্ধ হয়েছেন এবং ধোঁয়ায় অসুস্থ হয়েছেন অন্তত ৪৫ জন। দগ্ধ ও অসুস্থ মোট ৪৮ জন শিক্ষার্থীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
মাদ্রাসার শিক্ষার্থীরা জানিয়েছেন, রাত ২টার দিকে বিদ্যুতের শর্টসার্কিট থেকে মাদ্রাসার লাইব্রেরিতে আগুন লাগে। সে সময় শিক্ষার্থীরা ঘুমন্ত অবস্থায় ছিলেন। দ্রুত আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় এবং ধোঁয়ায় কক্ষ আচ্ছন্ন হয়ে পড়ায় ঘুমন্ত শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েন। পরে এলাকাবাসী তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যান।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, জামিয়াতুল আশরাফিয়া মাদ্রাসা থেকে ৪৮ জন শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে রাখা হয়েছে এবং অন্যদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহত শিক্ষার্থীদের মধ্যে আরিফ (২২), আজিজুল হক সিয়াম (১৬), হাসনাত (২২), নাইমুল (১৫), ইউসুফ (১৮), তানভীর (২১), খাইরুল (২২), হেমায়েত উল্লাহ (২২), লাবিব (২২), আশরাফ (১৭) ও আবিদের (১৭) নাম জানা গেছে।
কাচপুর মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্টসার্কিট থেকে মাদ্রাসার দ্বিতীয় তলার লাইব্রেরি ও অফিসকক্ষে আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশন ও শিবু মার্কেট মডার্ন ফায়ার স্টেশন থেকে মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বই ও মূল্যবান আসবাবপত্র পুড়ে মাদ্রাসার বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে।
রিপোর্টার নাম: 






















