২০২৪ সালের ছাত্র-জনতার জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান দেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, অধিকার প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন রাষ্ট্র গঠনের প্রত্যাশাকে নতুন করে সামনে এনেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সূচনা বক্তব্যে তিনি এ কথা জানান।
সংসদ সদস্যদের উদ্দেশে স্পিকার বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমেই বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে, যা আত্মত্যাগ ও দেশপ্রেমের এক গৌরবময় অধ্যায়। একইভাবে ২০২৪ সালের গণঅভ্যুত্থানও জাতীয় ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা হয়ে থাকবে। এই অভ্যুত্থানের মধ্য দিয়েই দেশের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং প্রকৃত সংসদীয় গণতন্ত্রের এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।
গণতন্ত্র ছাড়া দেশের সার্বিক ও টেকসই উন্নয়ন সম্ভব নয় উল্লেখ করে তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদকে কেন্দ্র করে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক বেশি। তাই জনগণের রায়ের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা জানিয়ে সংবিধানের মর্যাদা রক্ষা, আইনের শাসন জোরদার, সরকারি কাজে জবাবদিহি নিশ্চিত এবং নাগরিক অধিকার সুরক্ষায় এই সংসদকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।
সংসদীয় রীতিনীতির ওপর আলোকপাত করে তিনি জোর দিয়ে বলেন, আলোচনা, যুক্তি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও দায়িত্বশীল মতপ্রকাশই সংসদীয় গণতন্ত্রের মূলভিত্তি। জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে রাজনৈতিক ভিন্নমতের সহাবস্থান বজায় রাখা উচিত। স্পিকার আশা প্রকাশ করেন, সংসদ সদস্যরা দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সংসদের ভেতরে বিতর্কের মাধ্যমে সমস্যা সমাধানের পথ খুঁজবেন এবং শালীনতা বজায় রেখে দেশের প্রত্যাশা পূরণে কাজ করবেন।
রিপোর্টার নাম: 
























