রাজধানীর উত্তরখানের তুরাগ নদের রাজবাড়ি ঘাট থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেএম তাহসিফ সাউরির (২৮) মরদেহ উদ্ধারের ঘটনায় পুলিশের বিশেষ তদন্ত সংস্থা পিবিআই তদন্ত শুরু করেছে। বর্তমানে পিবিআই হেফাজতে রয়েছেন তাহসিফের ঘনিষ্ঠ বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপ। তাকে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর কিছু তথ্য উঠে এসেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ঢাকার উত্তর খানের তুরাগের নদের রাজবাড়ী ঘাট থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেএম তাহসিফ সাউরির (২৮) লাশ উদ্ধার করা হয়েছে, এর কাছের এলাকায় একটি মোটরসাইকেল পাওয়া গেছে।
তদন্তকারী এক পুলিশ কর্মকর্তা জানান, দীপকে নিয়ে ঘটনাস্থলের বিভিন্ন স্থান পর্যবেক্ষণ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের মুখে দীপ দাবি করেছেন, ঘটনার সময় তারা দুজনে রাজবাড়ি ঘাট এলাকায় কথা বলছিলেন। এসময় পুলিশের কয়েকজন সদস্যের উপস্থিতি টের পেয়ে তারা ভয়ে দৌড় দেন এবং তাহসিফ নিজেকে বাঁচাতে নদীতে ঝাঁপ দেন। এরপর দীপ সেখান থেকে দ্রুত পালিয়ে যান বলে পুলিশকে জানিয়েছেন। পুলিশ তার দেওয়া এই বর্ণনার সত্যতা যাচাইয়ের পাশাপাশি স্থানীয় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা বলেন, দীপকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তাকে নিয়ে বেশ কয়েকটি স্পটে গিয়েছি।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে ঘটনাস্থলের অদূরে টঙ্গীর মাজার বস্তি এলাকায় একটি মোটরসাইকেল পাওয়া যায়, যা উদ্ধার করে পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। পিবিআই সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার বিশেষ পুলিশ সুপার মো. আবু ইউসুফ জানিয়েছেন, উদ্ধারকৃত মোটরসাইকেলটি তাহসিফের কিনা তা নিশ্চিত হতে কাজ চলছে। প্রাথমিকভাবে সেটি তাহসিফেরই বলে ধারণা করা হচ্ছে এবং বর্তমানে তা উত্তরখান থানায় রাখা হয়েছে। তবে দীপের এই বক্তব্য যাচাই বাচাই করা হচ্ছে জানান তিনি।
পিবিআই কর্মকর্তাদের প্রাথমিক পর্যবেক্ষণ অনুযায়ী, রাজবাড়ি ঘাট এলাকাটি মাদক কারবারিদের আড্ডা হিসেবে পরিচিত। তাহসিফের মৃত্যুর পেছনে মাদক কারবারিদের ধাওয়া খাওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না তদন্তকারী দল। এ ঘটনার তদন্তে নৌ পুলিশকেও প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে পিবিআই।
নিহত তাহসিফের পরিবারের পক্ষ থেকে তার বাবা কেএম এনায়েতুল করিম এই মৃত্যুকে স্বাভাবিকভাবে দেখছেন না। তিনি বিষয়টিকে আত্মহত্যা বলে মানতে নারাজ এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন। সবশেষ তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার সন্ধ্যায় বাসা থেকে বের হওয়ার পর রাত ১টা ৩৫ মিনিটে মুঠোফোনে মায়ের কাছে ভয়েস মেসেজ পাঠিয়ে তাহসিফ জানিয়েছিলেন তিনি বাসায় ফিরছেন, তবে এরপর থেকেই তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
রিপোর্টার নাম: 

























