সোমবার সকাল সাড়ে ১০টার পর থেকে রাজধানীর পল্টন ও জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন অটোরিকশা চালকরা। অটোরিকশা চার্জ দেওয়ার স্থানগুলোতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদসহ বিভিন্ন দাবিতে তারা রাস্তায় নেমেছেন। আন্দোলনরত চালকদের হুঁশিয়ারি, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাস্তা ছাড়বেন না। এই বিক্ষোভ ও আন্দোলনের ফলে পল্টন ও প্রেস ক্লাব এলাকা ছাড়াও রামপুরা, বাড্ডা, মালিবাগ, খিলগাঁও, মতিঝিল, মিরপুর ও মোহাম্মদপুরসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অটোরিকশা চলাচল কার্যত বন্ধ হয়ে গেছে।
রাজধানীর অনেক এলাকায় চালকরা খণ্ড খণ্ড মিছিল বের করায় যান চলাচল ব্যাহত হচ্ছে এবং তীব্র যানজটের কারণে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। এ বিষয়ে রমনা বিভাগের উপ-কমিশনার জাহিদুল ইসলাম জানিয়েছেন, চালকদের সমাবেশ থেকে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। শাহবাগ থানা থেকেও জানানো হয়েছে যে, পরিস্থিতি পর্যবেক্ষণে পুলিশ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে।
রিপোর্টার নাম: 
























