কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৪৩ পিস ইয়াবা ও ১ গ্রাম হেরোইনসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ১১টা থেকে ১২টার মধ্যে উপজেলার তিলাই ইউনিয়নের কালাচান মোড় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ইকবাল জাহিদী মিজু (৩৮), পিতা মো. শরিফুল ইসলাম জাহিদী, পশ্চিম ছাট গোপালপুর এলাকার বাসিন্দা এবং মো. নুর আলম (৩৫), পিতা মো. জালালউদ্দিন, কামাত আঙ্গারিয়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে ভূরুঙ্গামারী থানার এসআই আল-আমিন, এএসআই সোহাগ রানা ও এএসআই আসাদুজ্জামানের সমন্বয়ে গঠিত মাদকবিরোধী দল অভিযান পরিচালনা করে। এ সময় নুর আলমের বসতবাড়ি থেকে মাদকসহ তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তারের সময় মিজু পুলিশ সদস্যদের ওপর আক্রমণ করে পালানোর চেষ্টা করেন। এতে দুই পুলিশ সদস্য সামান্য আহত হন। পরে পুলিশ সদস্যরা তাকে ও তার সহযোগী নুর আলমকে আটক করতে সক্ষম হন।
অভিযানে জব্দ করা ইয়াবা ও হেরোইনের আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, “মিজু ভূরুঙ্গামারী উপজেলার একজন কুখ্যাত মাদক কারবারি। তার মাধ্যমে উপজেলার উঠতি বয়সী কিশোর-কিশোরীদের কাছেও মাদক পৌঁছে দেওয়ার অভিযোগ রয়েছে। তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আশা করি, এতে উপজেলার মাদক নিয়ন্ত্রণ পরিস্থিতির কিছুটা উন্নতি হবে।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
মোঃ জাকারিয়া হোসেন 
























