নওগাঁ শহরে মোটরসাইকেলের সাইলেন্সার পরিবর্তন করে বিকট শব্দ সৃষ্টির মাধ্যমে জনমনে আতঙ্ক ছড়ানোর অভিযোগে সাকলাইন মোস্তাক (রাতুল) নামের এক কিশোরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১২টার দিকে শহরের মুক্তির মোড় সংলগ্ন জেলা পরিষদ পার্কের গেট এলাকা থেকে ট্রাফিক পুলিশ তাঁকে আটক করে। আটক রাতুল বগুড়ার আদমদীঘি থানার দেলুনজো গ্রামের আব্দুল মান্নানের ছেলে এবং বর্তমানে নওগাঁ শহরের চকদেব জনকল্যাণ মহল্লায় বসবাস করেন।
স্থানীয়দের ভাষ্যমতে, রাতুল তাঁর ১৫০০ সিসির সুজুকি জিক্সার মোটরসাইকেলের সাইলেন্সার পরিবর্তন করে শহরের রাস্তায় বিকট শব্দ করে মহড়া দিচ্ছিলেন। এ সময় পথচারী ও শিক্ষার্থীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়লে স্থানীয়রা তাঁকে হাতেনাতে আটক করে ট্রাফিক পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে হেফাজতে নেয়।
নওগাঁ ট্রাফিক পুলিশের সার্জেন্ট জগদীশ চন্দ্র জানান, ড্রাইভিং লাইসেন্স না থাকা এবং আইন অমান্য করে সাইলেন্সার পরিবর্তনের দায়ে সড়ক পরিবহন আইনে ওই কিশোরের বিরুদ্ধে মামলা দায়ের ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে এবং বিকট শব্দ সৃষ্টিকারী সাইলেন্সারটি স্থায়ীভাবে খুলে বাজেয়াপ্ত করার প্রক্রিয়া চলছে।
রিপোর্টার নাম: 


























