মালয়েশিয়া ও চীন সফরের ধারাবাহিকতায় এবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সবকিছু ঠিক থাকলে আগামী ২১ সেপ্টেম্বর তিনি নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করতে পারেন। প্রধানমন্ত্রীর এই সম্ভাব্য নয় দিনের সফরকে কেন্দ্র করে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে এবং সফরসঙ্গীদের ভিসা সংগ্রহের প্রক্রিয়াও চলমান রয়েছে। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে নোট ভার্বাল পাঠানো হয়েছে।
সরকারপ্রধান হিসেবে এটিই তারেক রহমানের প্রথম জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেওয়ার ঘটনা হতে যাচ্ছে। নিউইয়র্কে মূল অধিবেশনের পাশাপাশি বিভিন্ন সাইডলাইন ইভেন্টেও তার অংশগ্রহণের কথা রয়েছে। এছাড়া সফরের শেষ পর্যায়ে সানফ্রান্সিসকোতে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত একটি মতবিনিময় সভায়ও তিনি যোগ দেবেন।
চলতি বছরের সাধারণ পরিষদের অধিবেশনটি বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, আগামী ৮ সেপ্টেম্বর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। তার সভাপতিত্বে এই অধিবেশনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
অন্যদিকে, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কূটনৈতিক পর্যায়ে আলোচনা চললেও তা এখনো চূড়ান্ত হয়নি। শুক্রবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানিয়েছেন, ভারত সফরের বিষয়ে বাংলাদেশ সরকার এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেনি।
রিপোর্টার নাম: 

























