সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের বাদশা ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনা ঘটেছে। একই সঙ্গে রাজধানী রিয়াদ ভিত্তিক একটি বিমানবন্দর এবং দেশটির কয়েকটি গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথি।
রোববার দাম্মাম বিমানবন্দরে এই হামলার তথ্য নিশ্চিত করে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিএসিএ)। সংস্থাটি জানায়, দেশের বেসামরিক বিমান চলাচল কেন্দ্রগুলোকে লক্ষ্য করে ধারাবাহিক হামলার অংশ হিসেবে এটি ঘটেছে। বর্তমানে ক্ষতিগ্রস্ত স্থানটির ক্ষতির পরিমাণ নির্ধারণে সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে কাজ চলছে। সংস্থাটি জানিয়েছে, ওই ঘটনায় কয়েকজন আহত হয়েছেন।
অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, পূর্বাঞ্চলীয় প্রদেশে একটি শত্রুভাবাপন্ন ড্রোন শনাক্ত করার পর আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে সেটি সফলভাবে ধ্বংস করা হয়েছে। এর আগে রোববারের শুরুর দিকে রিয়াদের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরেও হামলার খবর দিয়েছিল জিএসিএ। ঐ ঘটনায় একাধিক ব্যক্তি আহত হলেও তাদের সংখ্যা ও আঘাতের মাত্রা প্রকাশ করা হয়নি। তবে আহত ব্যক্তিদের সংখ্যা ও তাদের আঘাতের মাত্রা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
পরবর্তীতে এক টেলিভিশন বার্তায় দাম্মামের বাদশা ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার দায় স্বীকার করেন হুথি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। তিনি দাবি করেন, তাদের আক্রমণ নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হেনেছে এবং এর ফলে সেখানে বিমান চলাচল ব্যাহত হয়। তবে সেখানে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
ইয়াহিয়া সারি আরও উল্লেখ করেন, রিয়াদের বিমানবন্দর ছাড়াও সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর পূর্বাঞ্চলীয় প্রদেশের শেডগাম গ্যাস প্ল্যান্ট ও তানাজিব তেল স্থাপনা তাদের অভিযানের লক্ষ্যবস্তু ছিল। ইয়েমেনে পরিচালিত সৌদি বিমান হামলার উপযুক্ত জবাব দিতেই এ অভিযান চালানো হয়েছে জানিয়ে ভবিষ্যতে সৌদিতে আরও বড় ধরনের আক্রমণের হুমকি দেন এই হুথি মুখপাত্র।
রিপোর্টার নাম: 























