বাংলাদেশে শিল্প ও প্রযুক্তি খাতের আমূল পরিবর্তন এবং টেকসই শিল্পায়নের লক্ষ্যে চীনের শীর্ষস্থানীয় বিনিয়োগ প্রতিষ্ঠান এভারব্রাইট গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ‘এইচ অ্যান্ড ভি ওভারসিজ এইচকে লিমিটেড’ এবং দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘দ্য নিউজ’-এর মাদার প্রতিষ্ঠান ‘সিমপ্লেক্স করপোরেশন লিমিটেড’-এর মধ্যে এক ঐতিহাসিক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে দুই পক্ষের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে এই চুক্তি সম্পন্ন হয়। এই যৌথ উদ্যোগের আওতায় প্রাথমিকভাবে ২০০ মিলিয়ন মার্কিন ডলার বা বাংলাদেশী মুদ্রায় প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
চুক্তি অনুযায়ী, দুই প্রতিষ্ঠান বাংলাদেশে দীর্ঘমেয়াদি বিনিয়োগ, উন্নত প্রযুক্তি হস্তান্তর, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং সামগ্রিক ব্যবসায়িক সম্প্রসারণে যৌথভাবে কাজ করবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রাথমিকভাবে দেশের উদীয়মান ও উচ্চ সম্ভাবনাময় কয়েকটি খাতকে এই বিনিয়োগের জন্য নির্বাচন করা হয়েছে। এর মধ্যে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, গৃহস্থালি বৈদ্যুতিক পণ্য, বৈদ্যুতিক যানবাহন, লিথিয়াম ব্যাটারি, সৌরবিদ্যুৎ এবং আধুনিক বৈদ্যুতিক ও ইলেকট্রনিক্স সামগ্রী।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিমপ্লেক্স করপোরেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম এবং এভারব্রাইট ফাইন্যান্সিয়াল হোল্ডিং ক্যাপিটাল (বেইজিং) কোম্পানি লিমিটেডের বিনিয়োগ বিভাগের সহসভাপতি মিস কৌ হুইলি (কোকো) সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মিস কৌ হুইলি বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বিনিয়োগবান্ধব পরিবেশের ভূয়সী প্রশংসা করে বলেন, বাংলাদেশের ক্রমবর্ধমান বাজার এবং ভোক্তাদের আচরণগত ধরন চীনের বাজারের সঙ্গে অনেকটাই সামঞ্জস্যপূর্ণ হওয়ায় এখানে বিনিয়োগের চমৎকার ইতিবাচক পরিবেশ রয়েছে। তিনি জানান, প্রাথমিকভাবে ২ হাজার ৫০০ কোটি টাকা দিয়ে শুরু করলেও, প্রকল্পের অগ্রগতি এবং বাজার পরিস্থিতি বিবেচনা করে ভবিষ্যতে বিনিয়োগের পরিমাণ আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাদের।
বাংলাদেশে আধুনিক শিল্পায়ন, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির সুযোগ রয়েছে উল্লেখ করে তিনি অন্যান্য চীনা উদ্যোক্তাদেরও এখানে বিনিয়োগের আহ্বান জানান।
অর্থনৈতিক বিশ্লেষক ও সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করছেন, এই অংশীদারিত্বের ফলে দেশে আন্তর্জাতিক মানের উৎপাদন ব্যবস্থা গড়ে উঠবে এবং পরিবেশবান্ধব ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পাবে। এর মাধ্যমে একদিকে যেমন বিপুল নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, অন্যদিকে বাংলাদেশ ও চীনের মধ্যকার দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও শিল্প সহযোগিতা এক নতুন উচ্চতায় পৌঁছাবে। দুই প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সমঝোতা স্মারকটি যৌথ প্রকল্প বাস্তবায়নের মূল ভিত্তি হিসেবে কাজ করবে এবং খুব শীঘ্রই পৃথক ও সুনির্দিষ্ট চুক্তির মাধ্যমে প্রকল্পগুলোর মাঠপর্যায়ের বাস্তবায়ন শুরু হবে।
নিজস্ব প্রতিবেদক 










