মনোনয়নপত্র জমাদানের নির্ধারিত সময়ে ফরম জমা দিতে না পেরে অঝোরে কাঁদলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে এবি পার্টির মনোনীত প্রার্থী আব্দুল্লাহ বাদশা।সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল ৫টার দুই মিনিট পরে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হন তিনি। তবে সময় শেষ হয়ে যাওয়ায় কর্তৃপক্ষ তার মনোনয়নপত্র গ্রহণ করেনি।
জানা গেছে, মনোনয়নপত্র গ্রহণের জন্য বারবার অনুরোধ জানালেও বিধিমালার কারণে তা গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা। এ সময় আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে সবার সামনেই কান্নায় ভেঙে পড়েন আব্দুল্লাহ বাদশা।
তিনি বলেন, শেরপুর থেকে নালিতাবাড়ীতে আসার পথে গাড়ি সমস্যার কারণে আমি নির্ধারিত সময়ের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পৌঁছতে পারিনি। মাত্র দুই মিনিট দেরি হয়ে গিয়েছিল। আমি তাহমিনা কম্পিউটারে কাগজপত্রের দায়িত্ব দিয়ে এসেছিলাম। সে গাফিলতি করেছে। তার গাফিলতির কারণেই আমি মনোনয়নপত্র জমা দিতে পারলাম না।
আক্ষেপ করে তিনি বলেন, দীর্ঘদিন ধরে নির্বাচনের প্রস্তুতি নিয়েছি, জনগণের কাছাকাছি গিয়েছি। তবে সংসদে না গিয়েও আমি জনতার সঙ্গে থাকব, জনতার সেবা করব।
এ বিষয়ে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রেজওয়ানা আফরিন বলেন, নির্বাচন বিধিমালা অনুযায়ী নির্ধারিত সময়ের পর মনোনয়নপত্র গ্রহণের কোনো সুযোগ নেই। আব্দুল্লাহ বাদশা আমার কক্ষে যখন প্রবেশ করেন, তখন পাঁচটা বেজে পাঁচ মিনিট। দুই মিনিট নয়, পাঁচ মিনিট দেরি করে তিনি এসেছেন। নিয়মের বাইরে যাওয়ার কোনো অবকাশ না থাকায় মনোনয়ন গ্রহণ করা সম্ভব হয়নি।
নিজস্ব প্রতিনিধি 












