রাজধানীর পল্লবীতে নির্মাণাধীন একটি ভবনে অভিযান চালিয়ে পুলিশের লুণ্ঠিত একটি শর্টগানসহ বিপুল পরিমাণ গুলি উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোররাত আনুমানিক ৩টা ৫৫ মিনিটে পল্লবী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর জাহানের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়। পুলিশ সূত্রে জানা যায়, পল্লবীর সেকশন-১২ এর আলীনগর এলাকায় অবস্থিত সাগুফতা হাউজিংয়ের একটি নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় অস্ত্রধারী সন্ত্রাসীদের অবস্থানের গোপন তথ্য পায় পুলিশ। তথ্যের ভিত্তিতে অভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে গুলির শব্দ শুনতে পায়। পরে মোবাইল পার্টি ও স্থানীয় লোকজনের সহায়তায় ভবনটি ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করা হয়। তল্লাশিকালে ভবনের দ্বিতীয় তলা থেকে একটি বারো বোর শর্টগান, ২৭ রাউন্ড শর্টগানের কার্তুজ, ১০ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি এবং ২ রাউন্ড ব্যবহৃত খোসা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত শর্টগানটি পুলিশের লুণ্ঠিত অস্ত্র বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র। পল্লবী থানার ওসি আলমগীর জাহান জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।
জানা গেছে, গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতিতে ডিএমপির মিরপুর থানা থেকে অস্ত্রটি লুট হয়েছিল।
মীর আলাউদ্দিন 










