প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার নিজ জেলা ফেনী সফরে বের হয়েছেন তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে তিনি সড়কপথে রাজধানীর বাসভবন থেকে নিজের পৈতৃক ভিটা পরশুরামের উদ্দেশে যাত্রা শুরু করেন। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে ফেনী ও সংলগ্ন এলাকায় ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে চার স্তরের নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছে এবং পুরো সফর নির্বিঘ্ন রাখতে প্রায় ১ হাজার ২৫০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। প্রধানমন্ত্রীর যাতায়াত নির্বিঘ্ন করতে প্রায় ১ হাজার ২৫০ পুলিশ সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
নির্ধারিত সফরসূচি অনুযায়ী, দুপুর সাড়ে ১২টার দিকে তিনি পরশুরামের ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় পৌঁছাবেন। সেখানে তিনি ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এবং স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর পরশুরাম ও ফুলগাজীসহ ফেনীর তিনটি উপজেলায় সরকারি কার্যালয়ের ছাদে স্থাপিত রুফটপ সোলার প্রকল্প থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
দুপুর সোয়া ১টায় তিনি পরশুরাম থেকে ফুলগাজী উপজেলার বেগম খালেদা জিয়া মহিলা কলেজের উদ্দেশে রওনা দেবেন। সেখানে পৌঁছে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি। এরপর দুপুর ২টার দিকে ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় সোলার বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন শেষে বিকেল ৩টায় ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন।
এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণের পাশাপাশি বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সম্মানি ভাতা প্রদানের কার্যক্রম উদ্বোধন করবেন। দিনব্যাপী এই সফরে পরশুরাম ও ফুলগাজী উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনকল্যাণমুখী কর্মসূচিতে তার অংশগ্রহণের কথা রয়েছে। পরে স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছাবিনিময় করার কথা রয়েছে তার।
রিপোর্টার নাম: 














