বাংলাদেশ সরকারের আমন্ত্রণে জাতিসংঘের শিক্ষার অধিকারবিষয়ক বিশেষ র্যাপোর্টিয়ার ফরিদা শহীদ আগামী ২৩ নভেম্বর ঢাকা সফরে আসছেন। প্রায় দুই সপ্তাহব্যাপী এই সফরে তিনি আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন। তার এই সফরের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের শিক্ষাব্যবস্থার বর্তমান পরিস্থিতি এবং শিক্ষার অধিকার নিশ্চিত করার অগ্রগতির বিষয়গুলো সরেজমিনে পর্যালোচনা করা।
সফরকালে ফরিদা শহীদ বাংলাদেশে সবার জন্য মানসম্মত, সমতাভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অধিকার নিশ্চিতে বিদ্যমান ভালো উদ্যোগ এবং চ্যালেঞ্জগুলো খতিয়ে দেখবেন। বিশেষ করে সরকারি শিক্ষায় বৈষম্যহীন প্রবেশাধিকার এবং শিক্ষা খাতে পর্যাপ্ত অর্থায়নের বিষয়গুলো তার পর্যবেক্ষণে বিশেষ গুরুত্ব পাবে। এই লক্ষ্যে তিনি সরকারের বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, আন্তর্জাতিক সংস্থা, নাগরিক সমাজ ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।
পাশাপাশি শিক্ষাবিদ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন তিনি। এছাড়া সরকারি ও বেসরকারি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনেরও পরিকল্পনা রয়েছে তার। সফর শেষে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ফরিদা শহীদ একটি প্রতিবেদন তৈরি করবেন। আগামী ২০২৭ সালের জুন মাসে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে বাংলাদেশের শিক্ষার অধিকার পরিস্থিতির ওপর ওই প্রতিবেদনটি উপস্থাপন করা হবে।