হবিগঞ্জের মাধবপুরে কাস্টমসের নথিপত্র জালিয়াতি করে অবৈধভাবে পাচারকালে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (৪ অক্টোবর) সকাল ১১টার দিকে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের মুক্তিযুদ্ধ চত্বর এলাকায় অভিযান চালিয়ে এসব জিরা ও একটি ট্রাক উদ্ধার করা হয়। অভিযানে ৩০০ বস্তায় থাকা মোট ৯ হাজার কেজি জিরা জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকা দিয়ে চোরাই পথে আনা জিরা ট্রাকে করে ঢাকায় নেওয়া হচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় তল্লাশি চৌকি বসানো হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে ট্রাকটি রেখে চালক প্রায় ৫০০ গজ দূরে সরে গিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়দের উপস্থিতিতে ট্রাকে তল্লাশি চালিয়ে জিরার বস্তাগুলো পাওয়া যায়।
তদন্তে জানা গেছে, ট্রাকের ড্যাশবোর্ড থেকে উদ্ধার করা কাস্টমসের বিল অব এন্ট্রি ও চালানপত্রগুলো ছিল ভুয়া। বিজিবি প্রাথমিক অনুসন্ধানেই নথিপত্রগুলো জালিয়াতির মাধ্যমে তৈরি বলে সন্দেহ করে এবং পরবর্তীতে কাস্টমস কর্তৃপক্ষের যাচাইয়ে তা ভুয়া হিসেবে নিশ্চিত হয়।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (বিজিবি-৫৫)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, জব্দ করা ৯ হাজার কেজি জিরার মূল্য প্রায় ৬৩ লাখ টাকা এবং বহনকারী ট্রাকটির মূল্য ৫০ লাখ টাকা। সব মিলিয়ে উদ্ধারকৃত জিরা ও ট্রাকের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৩ লাখ টাকা। তিনি আরও জানান, আইনানুগ প্রক্রিয়ায় উদ্ধারকৃত পণ্য ও ট্রাকটি হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। চোরাচালান দমনে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।