নতুন পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণের কার্যক্রম আগামীকাল সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ জানিয়েছে, আগামী ২০ অক্টোবর পর্যন্ত এই প্রক্রিয়া চলমান থাকবে। নতুন এই কাঠামোতে বেতন নির্ধারণ সম্পন্ন হওয়ার পর সংশ্লিষ্টদের প্রায় তিন মাসের বকেয়া বেতন একসঙ্গে পরিশোধ করা হবে।
বেতন নির্ধারণের পুরো প্রক্রিয়াটি আইবাস প্লাস প্লাস (iBAS++) পোর্টালে সম্পন্ন করতে হবে। চাকরিজীবীদের নিজ নিজ তথ্য দিয়ে এই মডিউলে লগইন করে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়ায় জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্মতারিখ, বর্তমান পদ ও গ্রেড, চাকরিতে যোগদানের তারিখ এবং বর্তমান মূল বেতনের তথ্য প্রদান বাধ্যতামূলক। এছাড়া আগের বেতন নির্ধারণের তথ্যের সঙ্গে নতুন তথ্যের সামঞ্জস্য যাচাই করে নিতে হবে।
চাকরিজীবীদের পদোন্নতি, বদলি, টাইম স্কেল, সিলেকশন গ্রেড বা উচ্চতর গ্রেডপ্রাপ্তির মতো বিষয়গুলোও আবেদনের সময় উল্লেখ করতে হবে। এসব তথ্যের স্বপক্ষে দাপ্তরিক আদেশ ও প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত রাখতে হবে। নাম, এনআইডি, পদবি ও গ্রেড সংক্রান্ত তথ্যে কোনো ধরনের ভুল বা অসম্পূর্ণতা থাকলে বেতন নির্ধারণে জটিলতা সৃষ্টি হতে পারে। তাই তথ্য যাচাইয়ের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া আইবাস প্লাস প্লাসে নিবন্ধিত মুঠোফোন নম্বরটিও আবেদনের জন্য জরুরি। যাদের জাতীয় পরিচয়পত্র নেই, তাদের চাকরির নথিতে থাকা তথ্য হালনাগাদ করে আবেদন সম্পন্ন করতে হবে।
সরকার নির্ধারিত এই প্রক্রিয়ায় প্রত্যেকের নতুন মূল বেতন কাঠামো অনুযায়ী নির্ধারিত হবে। বকেয়ার পরিমাণ সবার ক্ষেত্রে সমান হবে না; মূলত গ্রেড, বর্তমান মূল বেতন, নতুন কাঠামোতে নির্ধারিত বেতন এবং বেতন কার্যকর হওয়ার তারিখের ওপর ভিত্তি করে এই বকেয়া নির্ধারণ করা হবে।