দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জন মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, একই সময়ে সারা দেশের হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৬০৮ জন রোগী। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ২৫৬ জনের মৃত্যু হয়েছে এবং হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৪ হাজার ৩৬৯ জনে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয়জনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও রাজশাহী বিভাগে দুজন করে এবং বরিশাল ও খুলনা বিভাগে একজন করে রয়েছেন। মৃতদের মধ্যে পাঁচজন পুরুষ ও একজন নারী। চলতি বছর এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়, যার সংখ্যা ৭২ জন। এছাড়া শুধু সেপ্টেম্বর মাসেই সারা দেশে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৪৮ জনের।