জনগণের ভোটে নির্বাচিত সরকারকেই তাদের প্রত্যাশা পূরণে দ্রুত ও কার্যকরভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন, জনপ্রতিনিধিরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন, তাই পাঁচ বছর পর তাদের আবারও জনগণের কাছে পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। সেবার নিশ্চয়তা বিধান এবং প্রতিটি কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা নির্বাচিত সরকারের অন্যতম প্রধান দায়িত্ব।
শনিবার রাজধানীর শেরে বাংলা নগরের সমবায় ভবনের মাল্টিপারপাস হলরুমে ‘সৌর বিদ্যুৎ, ডেঙ্গু প্রতিরোধ ও উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগ আয়োজিত এই সভায় মন্ত্রী বলেন, প্রশাসনের কর্মকর্তা এবং জনপ্রতিনিধি—উভয়ের মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের সেবা করা। সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দ্রুততার সাথে উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের ওপর তিনি গুরুত্বারোপ করেন। সভায় বিদ্যুৎ সংকট সমাধানে সৌরবিদ্যুৎ ব্যবহারের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি ইউনিয়ন ও উপজেলা পরিষদের ভবনসহ গ্রামীণ পর্যায়ে বাড়ির ছাদেও সৌর প্যানেল স্থাপনে উৎসাহিত করার আহ্বান জানান। তিনি বলেন, বিদ্যুৎ সমস্যার সমাধানে সৌরবিদ্যুৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দিনের অতিরিক্ত বিদ্যুৎ ব্যাটারিতে সংরক্ষণ করে রাতে ব্যবহার করা গেলে জাতীয় গ্রিডের ওপর নির্ভরতা কমবে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী সভায় জানান, কর্মকর্তাদের পদায়ন ও পদোন্নতির ক্ষেত্রে সততা ও কর্মদক্ষতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে। তিনি মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নিজ কর্মস্থলকে নিজের এলাকা মনে করে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের তাগিদ দেন। অন্যদিকে, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সরকারের জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে উপজেলা প্রশাসনের ভূমিকার কথা উল্লেখ করেন। তিনি জানান, আগামী চার বছরে ধাপে ধাপে সব পরিবার ও কৃষকের হাতে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড পৌঁছে দেয়া হবে এবং সার ডিলারদের তালিকা যাচাই শেষে দ্রুত লাইসেন্স ইস্যু করা হবে।
সভায় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, জনপ্রশাসন সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, স্থানীয় সরকার সচিব মো. শহীদুল হাসান, পল্লী উন্নয়ন ও সমবায় সচিব ড. রফিকুল ই মোহামেদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিব আবদুল খালেক এবং বিদ্যুৎ সচিব মিজ মিরানা মাহরুখ উপস্থিত ছিলেন। এছাড়া সব সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলার উপপরিচালক (স্থানীয় সরকার), উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পৌরসভার প্রশাসকরা সভায় অংশ নেন।