তীব্র আন্দোলনের মধ্যেই চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব বিদেশি অপারেটরের হাতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত ১ অক্টোবর (বৃহস্পতিবার) অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক অপারেটরের কাছে টার্মিনালটির দায়িত্ব হস্তান্তরের খসড়া চুক্তি অনুমোদনের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে সুনির্দিষ্ট কোনো বিদেশি অপারেটরের নাম উল্লেখ করা হয়নি।
তবে বন্দর সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুরু থেকেই দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে এই টার্মিনাল ইজারা দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। গত জুনের প্রথম সপ্তাহে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি ইজারা সংক্রান্ত আলোচনা চালিয়ে যেতে বন্দর কর্তৃপক্ষকে চিঠি দেয় সরকার। এ বিষয়ে গত জুলাইয়ে বন্দর চেয়ারম্যান জানিয়েছিলেন, চুক্তি নিয়ে আলোচনায় দেশের স্বার্থে কোনো ছাড় দেওয়া হবে না।
এদিকে বিদেশি অপারেটরের হাতে ইজারা দেওয়ার এই প্রক্রিয়া বাতিলের দাবিতে চট্টগ্রামে একাধিক সংগঠন মানববন্ধন ও সমাবেশসহ বিভিন্ন আন্দোলন কর্মসূচি পালন করে আসছে। চট্টগ্রামের শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) জানিয়েছে, এই উদ্যোগ জাতীয় অর্থনৈতিক স্বার্থ, কর্মসংস্থান, শ্রমিকদের অধিকার এবং বন্দরের ওপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের ক্ষেত্রে মারাত্মক ঝুঁকি তৈরি করবে।