কাতারে আগ্নেয়াস্ত্র রাখার বা বহনের জন্য লাইসেন্সপ্রাপ্ত নাগরিকদের জন্য কঠোর নির্দেশনা দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ২৯ সেপ্টেম্বর এক সতর্কবার্তায় কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, অস্ত্রের মালিকানা ব্যক্তিগত এবং এটি কেবল নির্দিষ্ট লাইসেন্সধারীর ব্যবহারের জন্যই সীমাবদ্ধ। সম্পর্কের গভীরতা বা ঘনিষ্ঠতা যাই হোক না কেন, কোনো অবস্থাতেই অন্য কারো কাছে নিজের অস্ত্র ধার দেওয়া, হস্তান্তর করা কিংবা লাইসেন্সহীন ব্যক্তির কাছে গচ্ছিত রাখা সম্পূর্ণ বেআইনি।

মন্ত্রণালয়ের মতে, ১৯৯৯ সালের ১৪ নম্বর সংশোধিত অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক সংক্রান্ত আইনের অধীনে এই ধরনের কাজ সরাসরি আইন লঙ্ঘন হিসেবে গণ্য হবে। যারা এই বিধিনিষেধ অমান্য করবেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নিয়ম ভঙ্গকারী লাইসেন্সধারী এবং অস্ত্র গ্রহণকারী—উভয় পক্ষই ফৌজদারি অপরাধ বা ক্রিমিনাল লাইয়াবিলিটির আওতায় পড়বেন।

এই আইন লঙ্ঘনের দায়ে জড়িতদের বড় ধরনের জরিমানার পাশাপাশি কারাদণ্ড ভোগ করতে হতে পারে। এছাড়া অভিযুক্তদের লাইসেন্স স্থায়ীভাবে বাতিল করা হবে এবং তাদের মালিকানাধীন অস্ত্রটি বাজেয়াপ্ত করে নেবে কর্তৃপক্ষ। শাস্তিমূলক ব্যবস্থার অংশ হিসেবে, দোষী সাব্যস্ত কোনো ব্যক্তিকে ভবিষ্যতে পুনরায় কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহারের লাইসেন্স দেওয়া হবে না।

সমাজের সামগ্রিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট সকলকে দেশের প্রচলিত আইন ও সরকারি নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে। কোনোভাবেই ব্যক্তিগত লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্রের অপব্যবহার বা অন্যের কাছে হস্তান্তর না করার বিষয়টি নিশ্চিত করতে সবাইকে সতর্ক করা হয়েছে।