রাজধানীর মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে সম্প্রতি চালানো হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ওঠার পর বড় ধরনের রদবদল আনা হয়েছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত গত ২৭ সেপ্টেম্বরের একটি অফিস আদেশে মিরপুর মডেল থানার ওসি জাহাঙ্গীর আলমকে সরিয়ে তার জায়গায় পুলিশ পরিদর্শক মো. রাজীব হোসেনকে নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে ২৬ সেপ্টেম্বর এক আদেশে জাহাঙ্গীর আলমকে ডিএমপির কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছিল।

বদলির তালিকায় আরও চার পরিদর্শক রয়েছেন। আদেশে মিরপুর মডেল থানার তদন্ত কর্মকর্তা মো. রাজীব হোসেনকে মূল ওসি হিসেবে নিয়োগের পাশাপাশি লাইনওয়ারের পরিদর্শক মো. আল-আমিনকে ক্যান্টনমেন্ট থানার অপারেশনে, একই থানার অপারেশন কর্মকর্তা সুব্রত দেবনাথকে উত্তরখান থানার অপারেশনে বদলি করা হয়েছে। এছাড়া মুগদা থানার তদন্ত কর্মকর্তা শিশির কুমার কর্মকারকে সূত্রাপুর থানার তদন্ত বিভাগে এবং লাইনওয়ারের পরিদর্শক মো. মমিনুল ইসলামকে মুগদা থানায় তদন্ত কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে।

গত শনিবার হামলার স্থান পরিদর্শনে গিয়ে ডিএমপি কমিশনার পুলিশের ভূমিকার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন। ভাঙচুরের সময় পুলিশের উপস্থিতি ও নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুললে কমিশনার স্বীকার করেন যে, এ ধরনের ঘটনা প্রতিরোধ করা পুলিশের দায়িত্ব। তিনি বলেন, পুলিশ জানার পরও সময়মতো ব্যবস্থা নিয়েছে কি না কিংবা কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এসময় সাংবাদিকরা উল্লেখ করেন, যখন ভাঙচুর করা হয়েছে, সে সময় পুলিশ উপস্থিত ছিল। এ ধরনের একটি ঘটনা রোধ করা অবশ্যই পুলিশের দায়িত্বের মধ্যে পড়ে।

ঘটনাটি তদন্তের জন্য এরই মধ্যে দারুসসালাম এলাকার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পরই পুলিশের কোনো সদস্যের অবহেলা বা গাফিলতি প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে কমিশনার জানিয়েছেন। কমিটির শনিবারের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা।