দেশের প্রযুক্তিপ্রেমীদের জন্য এইচ সিরিজের নতুন স্মার্ট টিভি বাজারে নিয়ে এসেছে স্যামসাং বাংলাদেশ। রোববার এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের এই নতুন সিরিজে মাইক্রো আরজিবি, ওএলইডি ও মিনি এলইডি ডিসপ্লে প্রযুক্তির পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-ভিত্তিক ফিচার যুক্ত করা হয়েছে। ক্রেতাদের ভিন্ন ভিন্ন চাহিদার কথা মাথায় রেখে স্যামসাং বিভিন্ন সক্ষমতার টিভি ও ডিসপ্লে নিয়ে এসেছে, যা আধুনিক অন্দরসজ্জার সঙ্গেও মানানসই। শিল্পকর্মের অনুপ্রেরণায় তৈরি এর সাবলীল নকশা আধুনিক টিভির প্রচলিত ধারণাকে বদলে দেবে।

নতুন এই সিরিজের সবচেয়ে আকর্ষণীয় মডেলটি হলো মাইক্রো আরজিবি প্রযুক্তির ‘আর৯৫এইচ’। এর উন্নত এআই ইঞ্জিন ও ক্ষুদ্র লাইট চিপ নিখুঁত কনট্রাস্ট ও প্রাণবন্ত রং নিশ্চিত করে, যা অনেকটা সিনেমা হলের অভিজ্ঞতা দেয়। পাশাপাশি ওএলইডি সিরিজের ‘এস৯৫এইচ’ ও ‘এস৮৫এইচ’ মডেলগুলোও তাদের দ্রুত রিফ্রেশ রেট ও স্বচ্ছ ছবির জন্য পরিচিত। অন্যদিকে, ঘরের ভেতর স্টেডিয়ামের আমেজ পেতে মিনি এলইডি ‘এম৭০এইচ’ মডেলের টিভি এনেছে স্যামসাং, যেখানে ডায়নামিক সাউন্ড প্যাক খেলা দেখার অভিজ্ঞতাকে আরও রোমাঞ্চকর করে তোলে। দৈনন্দিন ব্যবহারের জন্য কোম্পানিটি ইউএইচডি প্রযুক্তির ‘ইউ৮৫০০এইচ’ ও ‘ইউ৯০০০এইচ’ এবং এফএইচডি/এইচডি ‘এফ৬০০০এফ’ ও ‘এফ৫০০০এফ’ সিরিজ বাজারে এনেছে। উন্নত এআই ইঞ্জিন এবং তুষারকণার চেয়েও ক্ষুদ্র লাল, সবুজ ও নীল লাইট চিপের সমন্বয়ে তৈরি হয়েছে এই প্রযুক্তি।

গেমারদের জন্য নতুন এই টিভিগুলোতে ১৬৫ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। এছাড়া এনভিডিয়া জি-সিঙ্ক ও এএমডি ফ্রি-সিঙ্ক সাপোর্ট থাকায় গেমিংয়ের সময় স্ক্রিন টিয়ারিংয়ের সমস্যা হবে না। এতে থাকা এআই ফুটবল মোড রিয়েল-টাইম বিশ্লেষণের মাধ্যমে ছবির মান স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করে। টিভিগুলোর স্ক্রিনে গ্লেয়ার-ফ্রি কোটিং ব্যবহার করা হয়েছে, ফলে দিনের বেলাতেও উজ্জ্বল আলোতে ঝকঝকে ছবি পাওয়া যায়। এর গ্লেয়ার-ফ্রি স্ক্রিন কোটিংয়ের কারণে পর্দায় ঘরের বা বাইরের আলো প্রতিফলিত হয় না। আর এনভিডিয়া জি-সিঙ্ক ও এএমডি ফ্রি–সিঙ্ক সাপোর্ট স্ক্রিন টিয়ারিংয়ের ঝামেলা পুরোপুরি দূর করে নিশ্চিত করে সুপার স্মুথ অ্যাকশন।

উন্মোচন উপলক্ষে স্যামসাং বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস ডিভিশনের ডিরেক্টর ও হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, ব্যবহারকারীদের বাস্তব জীবনের প্রয়োজনের কথা মাথায় রেখেই নতুন সব উদ্ভাবন নিয়ে আসা হয়। বিগত ২০ বছর ধরে বিশ্ববাজারে স্যামসাংয়ের শীর্ষস্থান ধরে রাখার পেছনের কারণও এটি। বাংলাদেশে নতুন এইচ সিরিজের মাধ্যমে উচ্চমানের টিভি প্রযুক্তি গ্রাহকদের জন্য আরও সহজলভ্য ও আনন্দদায়ক করা হয়েছে। যার সুবাদে ২০ বছর ধরে বিশ্বজুড়ে টিভি বাজারে আমরা আমাদের শীর্ষ স্থান ধরে রেখেছি।

নতুন এই টিভিগুলো এখন দেশজুড়ে পাওয়া যাচ্ছে। মডেলভেদে নির্ধারিত মূল্যের মধ্যে ৮৫ ইঞ্চি মাইক্রো আরজিবি আর৯৫এইচ মডেলের দাম ৮ লাখ ৮৯ হাজার ৯০০ টাকা। এছাড়া ৭৭ ইঞ্চির এস৯৫এইচ ৬ লাখ ৬৯ হাজার ৯০০ টাকা, ৬৫ ইঞ্চি মিনি এলইডি এম৭০এইচ ১ লাখ ৬৪ হাজার ৯০০ টাকা এবং ৯৮ ইঞ্চি ইউএইচডি ইউ৯০০০এইচ মডেলের দাম ৪ লাখ ৪৪ হাজার ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত কিছু মডেলে রয়েছে মিনি এলইডি ব্যাকলাইট, যা কম শক্তি খরচে দেয় বেশ উজ্জ্বল ছবি।