রাজধানীর ইসিবি চত্বরে অবস্থিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর এবং লুটপাটের ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নিউগিনি প্রোপার্টিজ কর্তৃপক্ষের পক্ষ থেকে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। রোববার দুপুরে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার দিবাগত রাতে স্টুডিওতে হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন সালমান মুক্তাদির। ওইদিন রাত ১টা ৩৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তার মাধ্যমে তিনি হামলার কথা জানান। ভিডিওতে স্টুডিওর আসবাবপত্রসহ বিভিন্ন সরঞ্জামের ব্যাপক ক্ষয়ক্ষতির দৃশ্য দেখা যায়। এতে স্টুডিওর টেবিল, চেয়ার এবং টেলিভিশনের মতো মূল্যবান সরঞ্জাম ভাঙচুর অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে।