পবিত্র আল-আকসা মসজিদে ইসরাইল তাদের পূর্ণ নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারের নীলনকশা বাস্তবায়ন করছে বলে সতর্ক করেছেন হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য খালেদ মাশাল। এক বিবৃতিতে তিনি জানান, সাম্প্রতিক সময়ের বিভিন্ন উস্কানিমূলক পদক্ষেপের মাধ্যমে মসজিদ প্রাঙ্গণকে পুরোপুরি নিজেদের কবজায় নেওয়ার চেষ্টা করছে দেশটি।

খালেদ মাশালের ভাষ্যমতে, আল-আকসা মসজিদকে টানা ৪০ দিন বন্ধ রাখা, উগ্র ইহুদি গোষ্ঠীগুলোর অনুপ্রবেশের সুবিধার্থে নির্দিষ্ট সময় ভাগ করে দেওয়া এবং স্থাপনাগুলো খালি করে স্থানিক বিভাজন তৈরির চেষ্টার মাধ্যমে এক গভীর সংকটের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তিনি এই পরিস্থিতিকে মসজিদের জন্য অত্যন্ত স্পর্শকাতর ও সংকটপূর্ণ সন্ধিক্ষণ হিসেবে বর্ণনা করেছেন।

এই পবিত্র স্থাপনা রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়ে তিনি জেরুজালেম ও আল-আকসাকে রক্ষার স্বার্থে ‘প্রতিরোধ ও জিহাদের কৌশল’ গ্রহণের আহ্বান জানান। ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সেখানে অবিচল উপস্থিতি বজায় রাখতে আল-আকসা অভিমুখে যাত্রা করতে হবে। একই সঙ্গে ফিলিস্তিনের পাশে দাঁড়াতে এবং সংহতি প্রকাশ করতে বিশ্বজুড়ে আরব ও মুসলিম বিশ্বের জনগণের প্রতিও জোর আহ্বান জানিয়েছেন হামাসের এই নেতা।