রাজধানীর মিরপুর-১ এলাকায় অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট এবং স্থাপনা গুঁড়িয়ে দেয়ার অভিযোগে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দারুসসালাম জোনের সহকারী কমিশনার (এসি) এমদাদুল হক বিপুল।

গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে। অভিযোগ রয়েছে, ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ নামের একটি সংগঠনের ব্যানারে দুই শতাধিক মুখোশধারী সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে প্রবেশ করে। দুর্বৃত্তরা শুরুতেই দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে ফেলে। এরপর কেন্দ্রটি থেকে মূল্যবান চিকিৎসা যন্ত্রপাতি, ওষুধ, ভ্যাকসিন ও নগদ অর্থসহ বিভিন্ন মালামাল লুট করা হয়। লুটপাট শেষে ভারী যন্ত্রপাতির সাহায্যে প্রতিষ্ঠানটির একটি পাকা ও তিনটি আধা-পাকা ভবন সম্পূর্ণ গুড়িয়ে দেয়া হয়।

স্থানীয় পর্যায়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে স্থানীয় বিএনপির দু’টি পক্ষ দীর্ঘদিন ধরে এই জায়গাটি নিজেদের দখলে নেয়ার চেষ্টা চালিয়ে আসছিল। সবশেষ বৃহস্পতিবার রাতের সেই অভিযানে ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ নামক পক্ষটি জায়গাটি দখল করে নেয়। এ ঘটনায় শাহ আলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আসামিদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে।