কাউন্টি ক্রিকেটের চলতি মৌসুমের শেষ ম্যাচে ক্যান্টাবুরিতে গ্লস্টারশায়ারের মুখোমুখি হয়েছে কেন্ট। পরের মৌসুমে প্রথম বিভাগে উত্তীর্ণ হওয়ার জন্য এই ম্যাচটি কেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবার শুরু হওয়া এই লড়াইয়ে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন খালেদ। তিনি ১১ ওভার বোলিং করে ৩৭ রান খরচায় প্রতিপক্ষের ৩ জন ব্যাটারকে সাজঘরে ফিরিয়েছেন। মূলত তার ও ম্যাট মিলনেসের চার উইকেটের সুবাদে গ্লস্টারশায়ার প্রথম ইনিংসে ২২৯ রানে গুটিয়ে যেতে বাধ্য হয়। মহাগুরুত্বপূর্ণ সেই ম্যাচের প্রথম ইনিংসে ৩ উইকেট নিয়ে বড়সড় অবদান রেখেছেন খালেদ। তার ৩ উইকেট ও ম্যাট মিলনেসের ৪ উইকেটে গ্লস্টারশায়ার গুটিয়ে গেছে ২২৯ রানে। খালেদের ৩ উইকেট শুধু যে গ্লস্টারশায়ারকে তাড়াতাড়ি গুড়িয়েই দিয়েছে এমন নয়, পয়েন্ট টেবিলেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
খালেদ তার স্পেলে দারুশ আহমেদ, সাই কিশোর ও চে সিমন্সকে আউট করেন। বিশেষ করে পরপর দুই ওভারে দারুশ ও কিশোরকে ফিরিয়ে গ্লস্টারশায়ারের ব্যাটিং লাইনআপে বড় ধরনের ধস নামান তিনি। ৬৯.৫ ওভারের মধ্যে প্রতিপক্ষকে অলআউট করায় কেন্ট বোলিং থেকে ৩টি বোনাস পয়েন্টও নিশ্চিত করেছে, যা তাদের প্রমোশন লড়াইয়ে বড় ভূমিকা রাখতে পারে। কাউন্টির নিয়ম অনুযায়ী, প্রতিপক্ষকে ১১০ ওভারের মধ্যে অলআউট করতে পারলে বোলিংয়ে মিলবে ৩ বোনাস পয়েন্ট।
পয়েন্ট টেবিলে বর্তমানে ১৯৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে কেন্ট। তাদের মূল প্রতিদ্বন্দ্বী নর্দাম্পটনশায়ার ১৯১ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে। যদিও উভয় দলের পয়েন্ট কাছাকাছি, তবে চলতি মৌসুমে নর্দাম্পটনশায়ারের চেয়ে দুটি জয় বেশি থাকায় কেন্ট এগিয়ে আছে। এই ম্যাচে প্রতিপক্ষকে দ্রুত অলআউট করার পর কেন্ট নিজেদের প্রথম ইনিংসে ৫ উইকেট হারিয়ে ২৬ রানের লিডও নিয়ে ফেলেছে।
অন্যদিকে, প্রমোশন দৌড়ে পিছিয়ে পড়া নর্দাম্পটনশায়ার নিজেদের ম্যাচে বেশ কঠিন পরিস্থিতিতে রয়েছে। মিডলসেক্সের বিপক্ষে প্রথম ইনিংসে তারা মাত্র ১০৩ রানে গুটিয়ে যায়। জবাবে মিডলসেক্স ২৫৫ রান সংগ্রহ করে ১৫২ রানের বড় লিড নিয়েছে, যা কেন্টের জন্য স্বস্তির খবর হয়ে এসেছে।