জয়পুরহাটের আক্কেলপুরে খালের পানিতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার এক দিন পর বেলি বিবি (৫৫) নামের এক নারীর সন্ধান পেয়েছে পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার আবাদপুর নন্দাহার খালের স্লুইসগেট এলাকা থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত বেলি বিবি স্থানীয় আবাদপুর পূর্বপাড়া গ্রামের বাচ্চু সরদারের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে বেলি বিবি গ্রামের পাশের নন্দাহার খালের স্লুইসগেট এলাকায় গোসল করতে যান। দীর্ঘ সময় পরও তিনি ঘরে ফিরে না আসায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে খালের পাড়ে তার পরনের কাপড়, জুতা ও সাবান পড়ে থাকতে দেখেন তারা। এরপর শুক্রবার ভোরে বিপ্লব নামের স্থানীয় এক যুবক ওই খালে মাছ ধরতে গিয়ে পানিতে একটি মরদেহ ভাসতে দেখে গ্রামবাসীকে জানান। পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

মৃত নারীর ভাগিনা হেলাল খান জানান, বেলি বিবি দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপসহ বিভিন্ন ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন। গোসল করার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পানিতে ডুবে মারা যেতে পারেন বলে পরিবারের ধারণা। নিহতের স্বামী বাচ্চু সরদার জানান, তার স্ত্রী ছেলের বাড়িতে থাকতেন এবং ঘটনার দিন তিনি নিজে বাড়িতে ছিলেন না। স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে তিনি খালের পাড়ে ছুটে আসেন।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ খালের পানি থেকে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।