সড়ক দুর্ঘটনা রোধ ও যাতায়াত ব্যবস্থাকে নিরাপদ করতে মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য ১২টি জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পুলিশ। সম্প্রতি বাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনাগুলো তুলে ধরা হয়। চালকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেওয়া এই নির্দেশনাগুলো নিয়মিত মেনে চলার আহ্বান জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
নির্দেশনা অনুযায়ী, মোটরসাইকেল চালক ও আরোহী উভয়কেই বাধ্যতামূলকভাবে হেলমেট ব্যবহার করতে হবে এবং চালকসহ সর্বোচ্চ দুইজন আরোহী মোটরসাইকেলে চলাচল করতে পারবেন। চার চাকার যানবাহনের ক্ষেত্রে চালক ও যাত্রীদের সিট বেল্ট পরিধান নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকা, অপ্রয়োজনে হর্ন না বাজানো, নির্ধারিত গতিসীমা মেনে চলা এবং ট্রাফিক সিগন্যাল যথাযথভাবে অনুসরণ করতে বলা হয়েছে।
বড় বা ভারী যানবাহনের ক্ষেত্রে ‘ব্লাইন্ড স্পট’ সম্পর্কে বাড়তি সতর্কতা অবলম্বন এবং লেন পরিবর্তনের সময় বা মোড় নেওয়ার আগে অবশ্যই ইন্ডিকেটর ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি, অন্য গাড়ির সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলার পরামর্শ দিয়েছে পুলিশ। কুয়াশা, বৃষ্টি বা প্রতিকূল আবহাওয়া থাকলে গতির ওপর নিয়ন্ত্রণ রেখে সতর্কতার সঙ্গে গাড়ি চালানো এবং যানজট কিংবা অন্য চালকের ভুলে মেজাজ না হারিয়ে ধৈর্য ধারণ করার কথাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সবশেষে, মাদক সেবন করে বা তন্দ্রাচ্ছন্ন অবস্থায় গাড়ি চালানো সম্পূর্ণ নিষিদ্ধ এবং মহাসড়কে ঝুঁকিপূর্ণ ওভারটেকিং না করে নির্ধারিত লেন অনুসরণ করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।