ইসলামী ব্যাংকের বর্তমান প্রশাসকের পদত্যাগ, দ্রুত পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন এবং পাচারকৃত অর্থ পুনরুদ্ধারের দাবিতে নীলফামারীর সৈয়দপুরে বিক্ষোভ প্রদর্শন করেছেন গ্রাহকরা। বৃহস্পতিবার সকালে শহরের দিনাজপুর রোডে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সৈয়দপুর শাখার কার্যালয়ের সামনে ‘ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের’ ব্যানারে এই প্রতিবাদী কর্মসূচি পালিত হয়। এতে ব্যাংকের স্থানীয় বিনিয়োগকারী এবং সাধারণ গ্রাহকরা বিপুল সংখ্যায় অংশগ্রহণ করেন।
বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের আহ্বায়ক মোখলেছুর রহমান। এছাড়া সংগঠনের সদস্য রেজওয়ান হাসান, আবুল কালাম এবং আব্দুস সালামসহ অন্যান্যরা এতে বক্তব্য রাখেন। বক্তারা ব্যাংকের বর্তমান প্রশাসক মোহাম্মদ জহির হোসেনের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন। তাদের অভিযোগ, দায়িত্ব গ্রহণের পর তিন মাসের বেশি সময় অতিবাহিত হলেও তিনি একটি পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনে পুরোপুরি ব্যর্থ হয়েছেন।
বক্তারা আরও অভিযোগ করেন, চলমান মামলার অগ্রগতির পাশাপাশি প্রশাসকের নিয়ন্ত্রণে থাকা বিভিন্ন জটিল সমস্যার সমাধান করতে বর্তমান কর্তৃপক্ষ ব্যর্থতার পরিচয় দিচ্ছে। ব্যাংকের শৃঙ্খলা ফেরাতে অবিলম্বে সৎ, যোগ্য, অভিজ্ঞ ও পেশাদার ব্যক্তিদের নিয়ে নতুন পর্ষদ গঠনের জন্য তারা বাংলাদেশ ব্যাংকের প্রতি জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
ফোরামের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসলামী ব্যাংকের ওপর দেশের অসংখ্য মানুষের আমানত এবং সামগ্রিক আর্থিক নিরাপত্তা নির্ভর করছে। তাই ব্যাংক পরিচালনায় দীর্ঘস্থায়ী অনিশ্চয়তা রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দ্রুত পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের পাশাপাশি ব্যাংকের দৈনন্দিন লেনদেন ও সামগ্রিক কার্যক্রম স্বাভাবিক এবং শক্তিশালী করতে কর্তৃপক্ষকে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন গ্রাহক ফোরামের প্রতিনিধিরা।