শতভাগ রাষ্ট্রমালিকানাধীন বেসিক ব্যাংকের ৩৭তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ব্যাংকটির ইতিবাচক অগ্রগতির চিত্র তুলে ধরা হয়েছে। সভায় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক জানিয়েছেন, বর্তমানে ব্যাংকটির লোকসান কমে আসছে এবং আমানত সংগ্রহের হার বাড়ছে। এটি গ্রাহকদের মধ্যে ব্যাংকটির প্রতি ক্রমবর্ধমান আস্থার প্রতিফলন। সরকারের প্রতিনিধি হিসেবে তিনি এই সভায় অংশগ্রহণ করেন।
সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান হেলাল আহমেদ চৌধুরী। সভায় পরিচালনা পর্ষদের সদস্য মুন্সি আব্দুল আহাদ, শেখ ফরিদ, মো. মতিউর রহমান, আবু সালেহ মোস্তফা কামাল ও এস এম ইকবাল হোছাইন উপস্থিত ছিলেন। এছাড়া ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবু মো. মোফাজ্জেল, কোম্পানি সচিব মো. হাসান ইমাম এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও বেসিক ব্যাংকের পর্যবেক্ষক রুপ রতন পাইন সভায় অংশ নেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকটি এ তথ্য নিশ্চিত করেছে।