রাজধানীর গুলশানে কার্যক্রমে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিলের বিষয়ে আগাম গোয়েন্দা তথ্য ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নিষিদ্ধ আওয়ামী লীগ মাঝেমধ্যে বিভিন্ন কৌশলে অপতৎপরতা চালানোর চেষ্টা করছে। এর অংশ হিসেবে প্রায়ই ফজরের নামাজের পর অল্পসংখ্যক লোক নিয়ে মিছিল করে সেগুলোর ভিডিও ধারণ করা হয়। গুলশানের ঘটনার বিষয়ে তিনি বলেন, গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে জুমার নামাজ পড়ার কথা বলে একটি দল সেখানে জড়ো হয়েছিল। পরে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গুলশানের ওই ঘটনাকে পুলিশের ব্যর্থতা হিসেবে দেখার কোনো অবকাশ নেই বলে মন্তব্য করেন মন্ত্রী। তিনি বলেন, আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল, তবে শুক্রবার জুমার নামাজের সময় ওই এলাকায় তারা এমন কর্মকাণ্ড ঘটাবে, তা হয়তো পুলিশ আগে থেকে আঁচ করতে পারেনি। বিষয়টি পুলিশের ব্যর্থতা হিসেবে গণ্য করার সুযোগ নেই এবং এ ঘটনার পর পুলিশের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে গুলশান থানার ৩ নম্বর সড়কে অবস্থিত কেএফসি-সংলগ্ন গলিতে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা হঠাৎ করেই মিছিল বের করেছিল।