রাজধানীর দুই সিটি করপোরেশন নির্বাচনে এককভাবে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির পক্ষ থেকে উত্তর সিটিতে মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং দক্ষিণ সিটিতে নাসীরুদ্দীন পাটওয়ারীকে মেয়র পদে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। রোববার বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এই নামগুলো ঘোষণা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

প্রার্থী ঘোষণার পাশাপাশি দুই মহানগরের বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলরদের সাথে সমন্বয় সভাও অনুষ্ঠিত হয়েছে। সভায় সম্ভাব্য কাউন্সিলর খুঁজে বের করা, ওয়ার্ডভিত্তিক স্থানীয় নাগরিক সমস্যার সমাধান এবং জুলাই আন্দোলনের শহীদ ও আহত পরিবারের সদস্যদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখার নির্দেশ দিয়েছেন নাহিদ ইসলাম। একই সঙ্গে, পতিত ও পলাতক আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কড়া নজরদারি বজায় রাখার আহ্বান জানান তিনি। সভায় উত্তর ও দক্ষিণ মহানগরের আহ্বায়ক যথাক্রমে ইসহাক সরকার ও আরিফুল ইসলাম আদীবসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।