রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে শনিবার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। অনুষ্ঠানের শুরুতে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক চেয়ারম্যান বেগম খালেদা জিয়াসহ সকল শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
তারেক রহমান বলেন, গত কয়েকদিনে আমরা লক্ষ্য করছি, স্বৈরাচার আমল কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের রেখে যাওয়া বিভিন্ন সমস্যা সমাধানের জন্য আমরা নিরলস কাজ করে যাচ্ছি। সমস্যা যে আছে তা অস্বীকার করার উপায় নেই, তবে কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি এই সংকটকে পুঁজি করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তাদের মূল উদ্দেশ্য হলো বিভ্রান্তি তৈরির মাধ্যমে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করা।
তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ এই সরকারকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। আমরা গণতান্ত্রিক ধারা ও নীতি-নৈতিকতাকে সমুন্নত রাখতে বদ্ধপরিকর। তবে কেউ যদি অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালায়, তবে দেশের প্রচলিত আইন অনুযায়ী তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। সরকার হিসেবে জনগণের প্রতি দায়বদ্ধ থেকে আমরা পরিষ্কারভাবে বলতে চাই, প্রত্যেকেরই নিজ নিজ সীমার মধ্যে থাকা বাঞ্ছনীয়।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। সভায় দলের স্থায়ী কমিটির সদস্যরাও বক্তব্য রাখেন।